তাপমাত্রার পারদ নীচে নেমে যাওয়ায় ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় ফের শীতের আগমন ঘটেছে। গত ১৪ ফেব্রুয়ারী থেকে ঈশ্বরদীর তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রী থেকে ১৯ দশমিক ৫ ডিগ্রীর মধ্যে ওঠানামা করছিল। বুধবার (৬ মার্চ) থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। অথচ গত ৫ মার্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমূল হক রঞ্জন জানান, চব্বিশ ঘন্টার ব্যবধানে ৬ মার্চ বুধবার তাপমাত্রা ৬ ডিগ্রী কমে যাওয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রী রেকর্ড করা হয়। এর পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) আরও নেমে ১১ দশমিক ৪ ডিগ্রী হয়েছে। দ্রুত তাপমাত্রা নেমে যাওয়ায় বেকায়দায় পড়েছেন সকল শ্রেণী ও পেশার মানুষ। এরইমধ্যে অনেকেই শীতের কাপড়-চোপড় বাক্স বন্দি করেছে। বিকেল থেকে রাত এবং সকালে শীতের কাপড় ছাড়া ঘরে ও বাইরে কোথায়ও টেকা যাচ্ছে না। তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফ্যানের ব্যবহার ও বিক্রিও শুরু হয়েছিল। এদিকে তাপমাত্রা ওঠানামা করায় ঘরে ঘরে সর্দ্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আব্দুল বাতেন জানান, তাপমাত্রা ওঠানামা করায় নতুন করে সর্দ্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শিশুরা বেশী আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।