পাবনা জেলায় সমকামীসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। জেলায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৭ জন সমকামী।
সম্প্রতি পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। কর্মশালার আয়োজন করে হাসপাতালের কী পপুলেশনস (কেপি) সেন্টার।
কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির জেলার বর্তমান এইচআইভি পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা জানান, জেলায় শিরায় মাদক গ্রহণকারী, নারী ও পুরুষ যৌনকর্মী, সমকামী এবং হিজড়া জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বিদ্যমান। কেপি সেন্টারের তথ্য অনুযায়ী, পাবনায় ১ হাজার ৬১৫ জন সমকামী, ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদক গ্রহণকারীকে শনাক্ত করা হয়েছে।
বক্তারা বলেন, এইচআইভি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।