কৃষি গবেষণার নতুন উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল।
রোববার (১৭ মে) বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের এই সময়ে অধিক ফলনশীল, রোগসহনশীল ও পরিবেশ উপযোগী জাত উদ্ভাবনে বিজ্ঞানীদের আরও আন্তরিক হতে হবে। গবেষণার সুফল দ্রুত কৃষকের মাঠে পৌঁছে দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মোখলেসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ডাল গবেষণা কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ড. মো. আকতার-উজ-জামান।
সভায় গবেষক ও বিজ্ঞানীরা কৃষি গবেষণার বিভিন্ন কার্যক্রম, নতুন জাত উদ্ভাবন, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকদের সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সদস্য বিজ্ঞানীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। সেখানে তিনি গবেষণাধীন বিভিন্ন ফসলের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কৃষকদের সঙ্গে কথা বলেন।