1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রোজার শুরুতেই বাজারে ফলের দাম আগুন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

রোজা কেন্দ্র করে ঈশ্বরদীতে আরেক দফা বেড়েছে ফলের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে ৪০-৬০ টাকা। রোজার আগের বাড়তি দামের সাথে রোজা শুরুর পর বাড়তি দাম যোগ হয়ে নাগালের বাইরে অনেক ফল। বেড়ে যাওয়া দামের পুরোটাই বহন করছেন ভোক্তারা।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, খুচরা বিক্রেতারা ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করছেন ফল। এর প্রভাব পড়ছে বাজারে। ফলের পাইকারি, খুচরা সব ধরনের বাজারেই মনিটরিংয়ের অভাবে গ্রাহকদের কাছ থেকে অতিমুনাফালোভী চক্র অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বলে ভোক্তারা জানিয়েছেন।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আমদানিকারক পর্যায়ে মাল্টা ও কমলা ১৫ কেজির কার্টুন চার হাজার টাকা। ১৫ দিন আগেও বিক্রি হয়েছে ৩ হাজার ৬’শ টাকায়। আর এক মাস আগে ১৫ কেজির মাল্টার কার্টুন বিক্রি হয় ৩ হাজার টাকায়।

বুধবার পাইকারি দোকানে দেখা যায়, চায়না ক্লাস-টু আপেল ২০ কেজি কার্টুন বিক্রি হচ্ছে ৩,৩০০ থেকে ৩,৪০০ টাকায়। প্রিমিয়াম কোয়ালিটির চায়না আপেল বিক্রি হচ্ছে ৪,৫০০ থেকে ৪,৭০০ টাকা। একইভাবে ৯ কেজি কার্টুনের নাশপতি বিক্রি হচ্ছিল ১,৯০০ থেকে ১,৯৫০ টাকা। ১৫ দিন আগে নাশপতির দাম ছিল ১,৭০০-১,৭৫০ টাকা। চায়না ম্যান্ডারিন ৮ কেজির কার্টুন বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ১,৬০০ টাকায়। আঙুর ও আনার পুরোটাই আসে ভারত থেকে। কেজিতে ১২ দানার সাড়ে ১৯ কেজি আনার কার্টুনপ্রতি বিক্রি হচ্ছিল ৫,০০০ থেকে ৫,৩০০ টাকায়। এক সপ্তাহ আগেও কার্টুনপ্রতি এক হাজার টাকা কম ছিল। মার্চের শুরুতে এসব আনারের দাম ছিল ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা।

পাইকাররা বলেন, ‘আমদানিকারকের কাছ থেকে কিনে আড়তদার ব্যবসায়ীরা সব ধরনের খরচসহ প্রতি কার্টুনে ৫০ টাকার বেশি নেয় না। এতে খুচরা বিক্রেতাদের কাছে যেতে কেজিতে দেড় থেকে সর্বোচ্চ তিন টাকা বাড়তে পারে। আমদানিকারকের বক্তব্যের সত্যতা মিলেছে খুচরা দোকানিদের বিক্রি করা ফলের দামে। সরেজমিনে ঈশ্বরদীর কলেজ রোড, পুরাতন বাসষ্ট্যান্ড, রেলগেট, পোষ্টঅফিস মোড় খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানের শুরুতে এক সপ্তাহ আগের চেয়ে সব ধরনের ফলের দাম বেড়েছে।

খুচরা বাজারে প্রতিকেজি মাল্টা ৩৫০-৩৮০ টাকা, আপেল আফ্রিকান প্রিমিয়াম ৩০০-৩২০ টাকা, চায়না আপেল ২৫০-২৭০ টাকা, নাশপতি ২৬০-২৮০ টাকা, কমলা ও ম্যান্ডারিন (ছোট কমলা) ২৫০-২৬০ টাকা, আঙুর ৩০০-৩২০ টাকা, আনার ৩৮০-৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে মরিয়ম, মেডজুল, আজওয়া, মাবরুম খেজুর ১,১০০ থেকে ১,৪০০ টাকা, দাবাস, নাগাল জাতের খেজুর ৬০০-৮০০ টাকা, জাইদি-ফরিদি জাতের খেজুর ৩০০-৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নানান জাতের কারণে খেজুর কেনায় মান ও দামে ঠকতে হয় ক্রেতাদের।

খুচরা ফল বিক্রেতা আলতাব বলেন, ‘পাইকারিতে কার্টুন কার্টুন বিক্রি হয়। খুচরাতে কেজি হিসেবে বিক্রি করি। একজন শ্রমিকের বেতন দিনে ৮০০-১,০০০ টাকা। দোকান ভাড়া, কর্মচারী খরচ, পরিবহন ব্যয় হিসেব করলে আমরাও তেমন লাভ করতে পারি না। দাগ পড়া কিংবা পঁচা ফল কেউ নেয় না। যে কারণে খুচরাতে দাম একটু বেশি হয়।’

এদিকে রমজানের প্রথম দিনে ( ১২ মার্চ) ঈশ্বরদীতে ছয় প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে তরমুজ, খেজুর ও ফলের দাম বেশি রাখার দায়ে এসব জরিমানা করা হয়। সূত্র জানায়, ঈশ্বরদীর নতুনহাট গ্রীণ সিটি এলাকায় এবং বাজারে অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, পবিত্র রমজান মাসে ফলের চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগাচ্ছে ঈশ্বরদী বাজার ও নতুনহাট গ্রীণ সিটি এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী। তারা চড়া দামে আমদানি করা খেজুর, ফল, তরমুজ ও সব্জি বিক্রয় শুরু করেছে। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!