শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে শহরের রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলগেটে এসে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ”, “আমি কে? তুমি কে? হাদী হাদী”—এমন বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মিছিল শেষে রেলগেটে এক সংক্ষিপ্ত পথসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন মো. আসিফুল ইসলাম জারিফ, মীর হুমায়ুন কবির জিহাদ, ইসমাদ্দোহা সোহাগ, আসাদুজ্জামান রকিব, ইব্রাহিম রহমান এবং শাহরিয়ার মুনিম সাবিত।
বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ভিন্নমত দমনের একটি ধারাবাহিক অংশ। এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ও দেশের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই হত্যার সুষ্ঠু তদন্তের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে দেশের মানুষ রাজপথে নেমে কঠোর আন্দোলনে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।