ঈশ্বরদীতে বাবা মায়ের সাথে ঘুরতে বের হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো রাফাত (০৯) নামের এক শিশু। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের দিয়ার বাঘাইল (গ্রামীন ব্যাংকের সামনে) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফাত উপজেলার পাকশী ইউনিয়নের বাঘাইল উত্তরপাড়া গ্রামের বাচ্চু প্রামাণিকের ছেলে ও বাঘাইল ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে রাফাত বাবা-মায়ের সাথে মোটরসাইকেল যোগে নিকটাত্মীয়দের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এসময় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের দিয়ার বাঘাইল (গ্রামীণ ব্যাংকের সামনে) পৌঁছালে একই দিক থেকে আসা দেশ ট্রাভেলস বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে রাফাত মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রাফাতের বাবা-মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাফাতের মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।